টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করার সময় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে ইয়াছিন আলী (৩০)।
স্থানীয়রা জানান, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বিকেলে তারা একসঙ্গে একটি নৌকায় আলকাতরা লাগাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্বজনরা দুজনের মরদেহ বাড়ি নিয়ে যান।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


