বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে হাসপাতাল প্রাঙ্গণের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা।
মৃত শিশুরা হলো- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও নগরীর বান্দ রোড এলাকার বজলু কমিশনারের ভাড়াটিয়া বেলালের ছেলে আকাশ (১০)।
পরিবার সূত্রে জানা যায়, আরাফাত ঈদে নানী বাড়িতে বেড়াতে এসেছিল।
তার নানী বকুল বেগম জানান, সোমবার সকালে আরাফাত তার মায়ের সঙ্গে বরিশাল নগরীর বান্দ রোডে তাদের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত ও পাশের ভাড়াটিয়া একই বয়সী শিশু আকাশ নিখোঁজ ছিল। বিভিন্নস্থানে খুঁজেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি৷
পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পান স্বজনরা। খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বরিউল ইসলাম বলেন, ‘স্বজনদের মাধ্যমে খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে আধাঘন্টা তল্লাশি চালিয়ে ওই শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। পরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
স্থানীয়রা জানান, আরাফাত বরিশালে নানীর বাড়িতে আসলে তার বন্ধু আকাশের সঙ্গেই খেলাধুলা করত। মরদেহ উদ্ধারের সময়ও তাদের একইসঙ্গে পাওয়া যায়।


