জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে হয়েছে।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এ সময় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সব আসামির মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাক্ষীদের জবানবন্দি, ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। প্রসিকিউশন মনে করে, অপরাধের গুরুত্ব অনুযায়ী এ মামলার আসামিদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত।
এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলা দায়ের হয়েছে।


