দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার টেলিভিশনের পর্দায় আসছে সাবা। মেহজাবীন চৌধুরী অভিনীত এই সিনেমাটি গত বছরের শেষ দিকে হলে মুক্তি পেয়েছিল। বড় পর্দায় আসার আগেই বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায় সিনেমাটি।
৪৯তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয় ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার। এরপর সিনেমাটি প্রদর্শিত হয় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গথেনবার্গ চলচ্চিত্র উৎসব, সিডনি চলচ্চিত্র উৎসব ও রেইনডান্স চলচ্চিত্র উৎসবসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে।
সিনেমাটির গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের তরুণীর জীবনসংগ্রাম, যে অসুস্থ মায়ের দেখভাল করতে গিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। ‘সাবা’ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী এবং তার মায়ের চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচী।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মাকসুদ হোসেন ও তার স্ত্রী ত্রিলোরা খান। আসন্ন ঈদুল আজহায় চ্যানেল আইয়ে হতে যাচ্ছে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে দর্শকপ্রশংসিত এই সিনেমা।
সিনেমার পেছনের অনুপ্রেরণার গল্প জানিয়ে মাকসুদ হোসেন বলেন, প্রায় ২৫ বছর আগে ঢাকায় তার স্ত্রী ত্রিলোরা খান ও তার মা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর থেকে ত্রিলোরার মা প্যারাপ্লেজিক হয়ে পড়েন এবং প্রতিদিনের যত্নের জন্য পুরোপুরি পরিবারের ওপর নির্ভরশীল ছিলেন।
নির্মাতার ভাষ্য, শ্বশুরের মৃত্যুর পর তিনি কাছ থেকে দেখেছেন, পর্যাপ্ত অর্থ, নার্সিং সাপোর্ট ও পরিবারের সহায়তা থাকার পরও একজন অসুস্থ মানুষকে দীর্ঘদিন সামলানো কতটা কঠিন। সেই অভিজ্ঞতা থেকেই ‘সাবা’ চরিত্রের জন্ম, যে কোনো আর্থিক নিরাপত্তা বা পারিবারিক সহায়তা ছাড়াই ঢাকার নিম্ন-মধ্যবিত্ত বাস্তবতায় মাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যায়।
‘সাবা’ সিনেমার আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।


