সিলেটে প্রকাশ্যে ছিনতাইয়ের একটি ঘটনার রেশ না কাটতেই আবারও একই কায়দায় এক নারীকে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সাগরদিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের চেষ্টার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পরও কাউকে আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাগরদিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়ে। দিনে-দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ বিরাজ করছে।
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে আটকে মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ফুটেজে আরও দেখা যায়, ওই নারী তার ব্যাগ ও মোবাইল দিতে অস্বীকৃতি জানিয়ে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কয়েকবার আঘাত করে। এক পর্যায়ে তারা মোবাইল ফোন বা ব্যাগ নিতে না পারলেও নারীর হাতঘড়ি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। রাতে সিসিটিভি ফুটেজ দেখার পর ভোর ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শককে (তদন্ত) ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি বলেন, ‘ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ও পুলিশের আইপি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে, যাতে ছিনতাইকারীদের শনাক্ত করা যায়।’
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের একটি সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে। পরে তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশায় থাকা একটি ব্যাগ টানাটানি করতে থাকেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান তারা।
এ সময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়। তবে ওই ঘটনাতেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


