রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সন্দিগ্ধ আসামি হিসেবে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে (৫২)। সোমবার দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তারের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে বলেন , আসামি সেলিম প্রধান বিগত সরকারের সক্রিয় নেতা ও অন্যতম অর্থ যোগানদাতা। ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর ও সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি এবং আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়, চব্বিশ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলশান থানাধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ভুক্তভোগী মো. তৌহিদ মিয়া। বাদী হয়ে আদালতে একটি সিআর মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৮৮ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।


