বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দীঘিতে কুমিরের মুখে পড়ে একটি কুকুরের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এক তথ্যবিবরণীতে শনিবার প্রতিমন্ত্রী বলেন, ‘বাগেরহাটের ঘটনা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও আমি মর্মাহত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে মানুষ এবং সকল প্রাণীর বসবাসের অভয়ারণ্য হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’
সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।’
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান।
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘির ঘাটে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এ ভিডিও দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।


