ঢাকার শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সকাল ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরের বাস্তালা বাসস্ট্যান্ডে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বাস দুইটিতে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।


