চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ৪১০ বস্তা ইউরিয়া সার এবং পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টায় সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ঘাটে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোটটি জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সার ও বোটে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, চোরাচালান রোধে ভবিষ্যতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


