বিরোধী দলের লংমার্চ কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। এমন পরিস্থিতিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধীদের লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটছেন। দেশের বাইরে চীন ও জাপান সফর করে ঋণ, অনুদান ও বিভিন্ন চুক্তির উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগের লক্ষ্য দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি।
বিরোধীদের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘আজকে বিরোধীদল খুলনায় করছে লংমার্চ! কেন? কই একবার তো বললেন না, দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক কর্মতৎপরতা এবং চাঞ্চল্য তৈরি করার একের পর এক পদক্ষেপ নিয়ে যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন দেশের অভ্যন্তরে।’
বিএনপির এই নেতা বলেন, ‘যে আন্তরিক প্রচেষ্টা তারেক রহমানের, সেই আন্তরিক প্রচেষ্টাকে আপনারা অপপ্রচার দিয়ে, আপনারা মিথ্যা কর্মসূচি দিয়ে কলঙ্কলেপন করতে পারবে না।”
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। তার দাবি, এসব উদ্যোগের ফলে দারিদ্র্য কমবে এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
জাপানে টয়োটার প্রধান কার্যালয় পরিদর্শনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কারখানা স্থাপন করা গেলে গাড়ির যন্ত্রাংশ উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধীদের লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, সনদের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন ও সাধারণ আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে বিএনপিসহ বিভিন্ন দলের আপত্তি ও নোট অব ডিসেন্ট নিষ্পত্তির জন্য আলোচনার আহ্বান জানানো হয়েছিল।
রিজভী বলেন, ‘জুলাই সনদের জন্য আপনাদের পার্লামেন্টে ডাকা হয়েছিল, আপনারা আসুন, আমরা একসঙ্গে বসি। কারণ ওই সনদে গণভোট হয়েছে। কিন্তু তার মধ্যে তো নোট অব ডিসেন্ট আছে।’
জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। তার দাবি, সরকারের এসব উদ্যোগের ফলে সংকট মোকাবিলায় অগ্রগতি হচ্ছে।


