দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আর একজন মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৫৯ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১১৩ জন।
বিজ্ঞপ্তির সামগ্রিক তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সর্বমোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জনে। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৩ জনে। এ সময়ে দেশজুড়ে ৯৫ হাজার ১৯৬ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৯১ হাজার ৪৮৩ জন রোগী বাড়ি ফিরে গেছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় সন্দেহজনক হামে একজন মারা গেছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে ৬৬৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৪ জনের।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৯ জন সন্দেহজনক এবং ৬০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে সিলেট বিভাগে ৬৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছে। অন্যান্য বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২২ জন, বরিশালে ১২৬ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, রাজশাহীতে ৩৬ জন এবং রংপুর বিভাগে ১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।


