দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ঐতিহাসিক এই জয়ের পর দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস বলেছেন, তার দল সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে।
তিন ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে থাকা অন্যতম স্বাগতিক মেক্সিকোর পেছনে থেকে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পা রাখল আফ্রিকার দেশটি।
এটি ছিল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চতুর্থ অংশগ্রহণ। এর আগে ২০১০ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের পর আর এই বৈশ্বিক আসরে দেখা যায়নি তাদের।
উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর অনেকেই এই দলকে হিসাবের বাইরে ফেলে দিয়েছিলেন। তবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র করার পর মনটেরিতে বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয় তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো।
ব্রুস বলেন, ‘আমি আমার দলের পারফরম্যান্সে ভীষণ গর্বিত। আমার মনে হয়, গত কয়েক সপ্তাহ ধরে যারা বড় বড় কথা বলছিলেন এবং ভেবেছিলেন আমাদের কিছু পরিবর্তন করা দরকার, আমরা তাদের সবাইকে উপযুক্ত জবাব দিয়েছি। আমরা ঠিক তা-ই করেছি যা আমাদের করার কথা ছিল। আমি যা চেয়েছিলাম আমরা সেটাই মাঠে করে দেখিয়েছি এবং এটিই তার ফলাফল।’
২০২১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্বে থাকা ৭৪ বছর বয়সী এই বেলজিয়ান কোচ দ্বিতীয় রাউন্ডে ওঠাকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
‘আমি আগেও বলেছি, এটি সম্ভবত আমার ক্যারিয়ারের শেষ ম্যাচগুলোর একটি। আর যখন আপনি আপনার ক্যারিয়ারের শেষটা এভাবে করতে পারবেন, আমার মনে হয় প্রতিটি কোচই এমন কিছুর স্বপ্ন দেখেন।’
সমালোচনার মুখেও খেলোয়াড়দের ওপর থেকে কখনো বিশ্বাস হারাননি বলে জানান ব্রুস।
কোচ ও খেলোয়াড়দের মধ্যকার সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘কোচ হিসেবে আমার এবং খেলোয়াড় হিসেবে ওদের মধ্যকার রসায়নটা সত্যিই অনন্য। আমি তাদের শুধু একজন কোচই নই, আমি নিজেকে তাদের বন্ধুও মনে করি। তাই খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্কটা দারুণ।’
আগামী রোববার লস অ্যাঞ্জেলেসে শেষ ১৬-র লড়াইয়ে নামার টিকিট পেতে টুর্নামেন্টের আরেক সহ-স্বাগতিক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
পরের ম্যাচ নিয়ে ব্রুস বলেন, ‘আমি শুধু জানি যে খেলোয়াড়রা আবারও প্রস্তুত থাকবে এবং তৃতীয় রাউন্ডে (শেষ ১৬) যাওয়ার জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। সেটি হবে আরও বড় ইতিহাস। তবে এই খেলোয়াড়েরা সেই লক্ষ্যই তাড়া করছে। তারা সবার কাছে নিজেদের প্রমাণ করতে চায় এবং দেখাতে চায় যে তারা একটি ভালো দল। আগামী রোববারই দেখা যাবে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি কি না।’


