ফেনীর ছাগলনাইয়ায় এক বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শুভপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন অভিযুক্তকে আটক করা হয়।
এর আগে, গত ১৪ আগস্ট বিকালে ছাগলনাইয়া উপজেলার ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযানে নেমে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। উদ্ধারের পর ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারসহ আইনি সব কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


