সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
একই সঙ্গে সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করা বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধে আসামি হচ্ছেন সাংবাদিক শ্যামল দত্ত
২০২৪ সাল থেকে পৃথক মামলায় আটক থাকা এই তিন সাংবাদিককে ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে যে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তা দমনে প্ররোচনা দিয়েছিলেন এই তিন সাংবাদিক।
আরও পড়ুন: বিশ্বে সাংবাদিকদের ‘সবচেয়ে বড় হত্যাকারী’ ইসরায়েল: সিপিজে
সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুনাল মজুমদার বলেন, ‘কেবলমাত্র একটি সংবাদ সম্মেলনে প্রশ্ন করার কারণে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা অত্যন্ত আপত্তিকর ও গভীরভাবে উদ্বেগজনক। সম্পাদকীয় সিদ্ধান্ত দলীয় বা নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু সেটিকে অপরাধ বলা যায় না।’
সম্পাদকীয় বিচারবুদ্ধিকে অপরাধ হিসেবে চিহ্নিত করা একটি বিপজ্জনক নজির স্থাপন করে এবং একটি গণতন্ত্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। সরকারকে অবিলম্বে এই তিন সাংবাদিককে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে থাকা সব অভিযোগ বাতিল করতে হবে, যোগ করেন তিনি।


