অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটের জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, সব সংস্করণ মিলিয়ে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সফরের ২৩ বছর পর পাওয়া এই জয়কে নিজেদের ক্রিকেট ইতিহাসের বড় অর্জন হিসেবে দেখছেন শান্ত।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘সব সংস্করণ মিলিয়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমি খুবই খুশি। নিজের জন্য এবং সতীর্থদের জন্য গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।’
বাংলাদেশের পেসারদের মানসিকতার পরিবর্তনকেও দলের সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন শান্ত। তার মতে, কয়েক বছর আগেও টেস্ট খেলতে পেসারদের আগ্রহ কম থাকলেও এখন পরিস্থিতি বদলেছে।
শান্ত বলেন, ‘পাঁচ বছর আগে আমাদের পেসাররা টেস্ট খেলতে চাইত না। এখন তারা টেস্ট খেলতে চায়, পারফর্ম করতে চায় এবং বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন।’
তরুণদের টেস্ট ক্রিকেটে আগ্রহী করে তুলতে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ভূমিকাও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। তাদের অভিজ্ঞতা ও উৎসাহ তরুণদের টেস্ট ক্রিকেটকে গ্রহণ করতে সহায়তা করছে বলে মনে করেন শান্ত।


