ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার খসড়া অধ্যাদেশ অনুমোদন করে। প্রায় দুই সপ্তাহ পর সেটি গেজেট আকারে প্রকাশ পেল।
অধ্যাদেশে বলা হয়েছে, সাতটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম, শিক্ষক ব্যবস্থাপনা, পরীক্ষা ও সনদ প্রদানসহ সামগ্রিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হবে।
যে কলেজগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন হবে সেগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধ্যাদেশ অনুযায়ী, ঢাকায় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাস গড়ে না ওঠা পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে বিভিন্ন স্তরের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি এবং সিলেকশন বোর্ডের সুপারিশ অনুযায়ী নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের।
সাতটি কলেজ (উচ্চমাধ্যমিক) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে থাকবে। এসব কলেজের বিদ্যমান নাম, অবকাঠামো, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, সুযোগ-সুবিধা এবং স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ থাকবে।
এর আগে, খসড়া অধ্যাদেশে সাত কলেজকে (উচ্চমাধ্যমিক) চারটি স্কুলে ভাগ করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর বদলে কলেজগুলোর নিজস্ব পরিচয় ও স্বকীয়তা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, কলেজগুলোর শিক্ষা কার্যক্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে।
কলেজগুলোর প্রশাসনিক প্রধান হিসেবে অধ্যক্ষরা দায়িত্ব পালন করবেন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রধান হবেন উপাচার্য। কলেজের শিক্ষকরা ‘কলেজ শিক্ষক’ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ‘শিক্ষক’ হিসেবে পরিচিত হবেন।


