মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সীমান্ত ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম চালাচ্ছে। শনিবার বিকালে এই তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে পাচারের আশঙ্কা বাড়ায় কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
তিনি জানান, সীমান্তবর্তী উপকূলীয় এলাকা ও নদীপথে চোরাচালান প্রতিরোধে ইতোমধ্যে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে পাচার করতে না পারে।
সাব্বির আলম আরও বলেন, ‘দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার স্বার্থে যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি সাধারণ জনগণকে অনুরোধ করেন, এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর জন্য।


