মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হলেও বাংলাদেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই।’
শনিবার বিকালে কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের চাহিদা মেটাতে অন্তত এক মাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। আসন্ন ঈদে মার্কেটগুলোতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই।’
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, যা দেশের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি আশা প্রকাশ করেন, দোয়া ও সহযোগিতার মাধ্যমে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন।
অনুষ্ঠানে কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল খন্দকার। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য দেন।


