মুক্তিযুদ্ধ ও ৭ মার্চের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও ৭ মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এটা মেনে নেওয়া হবে না।
ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর সাংগঠনিক বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। কিন্তু আওয়ামী লীগ সেই গৌরবকে ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা ও টাকা পাচারসহ নানা অপরাধকে তারা মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ, ৭ মার্চ কিংবা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে পুনর্বাসন করা যাবে না।
জুলাই আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সরকার বেইমানি করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনার আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েই জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।’
সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ১২ মার্চে সংসদ অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে।
নাহিদ ইসলাম বলেন, প্রথম অধিবেশনেই ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তি আহ্বায়ক তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক জাহিদ আহসান।
এ ছাড়া এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।


