রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক উবারচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দর কার্গো গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শওকত আলী জানান, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
নিহতের ছোট ভাই মো. রাজিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামে। তারা বাবার নাম সাইদুল ইসলাম। বর্তমানে তারা রাজধানীর শেরেবাংলা নগরের নূরহাজী গলিতে বসবাস করছেন।
হৃদয় পেশায় একজন উবারচালক ছিলেন। সকালে নিজের প্রাইভেটকারটি নিয়ে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। পরে মুঠোফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে রাজিব ঢাকা মেডিকেলে এসে ভাইকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান, যোগ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিমানবন্দর থানাকে অবহিত করা হয়েছে।


