পাথরকে শিল্পের ভাষায় নারীর জীবন, অনুভব ও রূপান্তরের প্রতীক করে তুলেছেন শিল্পী অনিন্দিতা অনি। রাজধানীর হাজারীবাগের দাগী আর্ট গ্যারাজে শুক্রবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে তার প্রথম একক শিল্পপ্রদর্শনী ‘শি ইন স্টোন’।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০টি শিল্পকর্ম। প্রাকৃতিক পাথরের ওপর অ্যাক্রিলিক রঙে নির্মিত এসব কাজে উঠে এসেছে নারীর শৈশব, কৈশোর, স্বপ্ন, প্রেম, মাতৃত্ব, সংগ্রাম, নীরবতা ও আত্ম-অন্বেষণের নানা অধ্যায়।২৩ জুন পর্যন্ত চলবে প্রদর্শনীটি। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক সোনিয়া বিনতা হাসান।
অনিন্দিতা অনি বিভিন্ন নদী থেকে সংগ্রহ করা প্রাকৃতিক পাথরকে তিনি শুধু আঁকার পৃষ্ঠ হিসেবে ব্যবহার করেননি; বরং প্রতিটি পাথরের স্বাভাবিক গঠন, রেখা, খাঁজ ও বর্ণকে শিল্পকর্মের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন।
‘ইমার্জেন্স’, ‘এ টাইম অব ড্রিমস’, ‘এ সিড অব হোপ’, ‘দ্য আনফোল্ডিং উইংস’ কিংবা ‘ফেস অব রেজিলিয়েন্স’-এর মতো শিল্পকর্মে আত্মপ্রত্যয়, স্বপ্ন ও বিকাশের গল্প উঠে এসেছে। অন্যদিকে ‘ভেইল অব সাইলেন্স’, ‘দ্য আনস্পোকেন ওয়েট’, ‘জেনারেশনস’ ও ‘দ্য রেড উইটনেস’-এ ধরা পড়েছে স্মৃতি, সম্পর্ক, উত্তরাধিকার ও নীরব বেদনার অনুষঙ্গ।
শিল্পী বলেন, পাথর এখানে শুধু একটি উপাদান নয়; এটি সময়, স্মৃতি ও স্থায়িত্বের প্রতীক। যেমন নদীর স্রোত একটি পাথরকে ধীরে ধীরে নতুন রূপ দেয়, তেমনি জীবন, ভালোবাসা, সংগ্রাম ও অভিজ্ঞতা একজন নারীর সত্তাকেও ক্রমাগত নির্মাণ করে।


