ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শ্রী রাম (২৫)।
সোমবার দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে। মৃত রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন রামসহ বেশ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালে আকস্মিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশে থাকা একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে।
এ সময় অসাবধানতাবশত ওই দোকানে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন রাম। সহকর্মীরা ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানায় রাখা হয়েছে।


