রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ এখনো তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে তাজিয়া মিছিল চলাকালে বাংলাবাজার এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ‘আমরা এখনো ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে পারিনি। কে বা কারা মেরেছে তা এখনই বলা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।’


