ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হওয়ার আহ্বান গভর্নরের

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হওয়ার আহ্বান গভর্নরের
Advertisement
Advertisement

খেলাপি ঋণ আদায়ে কোনো ধরনের দ্বিধা না রেখে ব্যাংকগুলোকে সাহসী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে সাহসী ভূমিকা নিতে হবে।’

সোমবার সকালে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা গেলে বৈদেশিক খাত আরও মজবুত হবে।

ব্যাংকগুলো যেন শুধু বড় ব্যবসায়ীদের পেছনে না ছুটে, কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন অবহেলিত এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়াতে হবে বলে জানান তিনি। একই সঙ্গে অনুৎপাদনশীল মনে হলেও এই খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকখাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, যদিও তা এখনো পুরোপুরি সম্ভব হয়নি বলেও জানান তিনি।

ভবিষ্যতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা এবং নানা প্রতিবন্ধকতা আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, সেসব উপেক্ষা করার সুযোগ নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে বিদ্যমান নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করার হুঁশিয়ারি দিয়ে এর মধ্য দিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্পখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এসব খাত এগিয়ে নিতে ব্যাংকগুলোর দায়িত্বও বেশি বলে মন্তব্য করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad