নোয়াখালীর সেনবাগে বীজবাগ ইউনিয়নে ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা সব আসবাব পুড়ে গেছে।
রোববার বিকাল ছয়টার দিকে ইউনিয়নের বকশিরহাট এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নেভান।
প্রাথমিকভাবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ওই বিদ্যালয়ের পাশে একই কম্পাউন্ডে অবস্থিত আর একটি বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পেয়ে কাছে গিয়ে দেখে বিদ্যালয়ে আগুন লেগেছে। স্থানীয়রা বিদ্যালয়ের মাঠে থাকা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নেভান।
শিক্ষক মো. নুরুল কাউছার জানান, আগুনে বিদ্যালয়ের নিচতলার একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের বসার চেয়ার ও সামনের টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আগুনের ধোঁয়ায় আশপাশের শ্রেণিকক্ষগুলো কালো হয়ে গেছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আগুনের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


