বিদেশি নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। আইনজীবী জহিরুল ইসলাম মূসা জানান, এ সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে।
এর আগে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।


