রাজধানী ঢাকার হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ খানের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম খান। তিনি ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং মোটরসাইকেলে রাইড শেয়ার চালাতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান দিপু জানান, এদিন রাতে হাতিরঝিলের ২ নম্বর গেটের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান আব্দুল হামিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ তদন্ত করছে।


