ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে আটক দুইজন স্বেচ্ছাসেবক দলের নেতা।
বুধবার রাতে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
আটক দুইজন হলেন– নলছিটি পৌর এলাকার গৌরিপাশা গ্রামের গিয়াস মল্লিক (৩৫) এবং একই এলাকার সোহরাব আকন (৩৫)।
গিয়াস মল্লিক নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক দুইজনকে উদ্ধার করা মালামালসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নলছিটি থানায় পাঠানো হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।


