জ্বালানি তেলের সংকট নেই, মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর

জ্বালানি তেলের সংকট নেই, মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
Advertisement
Advertisement

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তাই আতঙ্কিত হয়ে অযথা মজুত না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্তমানে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের পর্যাপ্ত মজুত রয়েছে।’

তিনি জানান, গত কয়েক দিনে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন বলেও উল্লেখ করেন তিনি। এই আতঙ্ক দূর করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে, যার ফলে কিছুটা চাপ তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি সমন্বয়ের চেষ্টা করছে এবং যতটা সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করা হবে।’ তবে একান্ত প্রয়োজন হলে মূল্য সমন্বয়ের বিষয়টি জনগণের সঙ্গে ভাগাভাগি করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে শিগগিরই পেট্রল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির চাপ থাকা সত্ত্বেও সরকার জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সচেষ্ট রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad