‘জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয়’

‘জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয়’
গুলশানে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
Advertisement
Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো ব্যাপারে সরকার ইচ্ছামতো সিদ্ধান্ত নিলে তা রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য নয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। এর বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্যবাধকতার আওতায় থাকবে না। বিষয়টি নিয়ে কিছু ঘটলে তার সম্পূর্ণ দায়ভার সরকারের ওপরই পড়বে। তাই সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। এই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোই তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

আরও পড়ুন

খন্দকার মোশাররফ বলেন, ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রায় এক বছরের আলোচনার পর ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। সম্প্রতি নির্ধারিত সনদের বাইরে সরকারি কিছু সিদ্ধান্ত ঘোষণা করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং সবার সম্মতিতে নেওয়া আগের সিদ্ধান্তকে উপেক্ষা করার সমতুল্য।

রাজনৈতিক টানাপোড়েন চলছে কিনা এমন প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘এখানে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারাই এ বিশৃঙ্খলা করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং হাফিজ উদ্দিন আহমদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad