আগামী নির্বাচন বানচাল করতেই আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এমন মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেই লক্ষ্যে দেশে জ্বালাও-পোড়াও চালাচ্ছে। দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি প্রমাণ করছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের নেশা।’
এ সময় ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘দেশি-বিদেশি কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না।’
আসন্ন জাতীয় নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন প্রমুখ।


