জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৩ নভেম্বর।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
প্রতিটি ইউনিটের বিস্তারিত সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে সহকারী রেজিস্ট্রার আলী রেজা বলেন, ‘আবেদনকারীর সংখ্যা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে আমরা ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ নির্ধারণ করব।’
তিনি জানান, ছয়টি ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ফিজিক্যাল সায়েন্স, বি ইউনিটে সোশ্যাল সায়েন্স, সি ইউনিটে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, সি–১ ইউনিটে ফাইন আর্টস ও ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স, ডি ইউনিটে বায়োলজিক্যাল সায়েন্স এবং ই ইউনিটে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত। এছাড়া আইবিএর পরীক্ষা পৃথকভাবে নেওয়া হবে।
এ, বি, সি ও ডি ইউনিটে পরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারিত হয়েছে ৮০০ টাকা, ই ইউনিটে ৬০০ টাকা, এবং সি–১ ও আইবিএ ইউনিটে ৭০০ টাকা। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় আগের বছরের মতো এবারও প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ও বিকাল দুই শিফটে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সীমিত অবকাঠামো ও আসনসংখ্যার কারণে সব পরীক্ষা একই দিনে নেওয়া সম্ভব নয়। সব পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে, বিভাগীয় শহরে নয়।


