দেশে বিদ্যমান নানা সংকট মোকাবিলায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা থেকে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে এবং আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘দেশে অনেক সমস্যা রয়েছে। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহায়তা করতে হবে।’
এ সময় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মীর উপস্থিতির কারণে বিকেল থেকেই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মানুষের কষ্ট ও ভোগান্তি সৃষ্টি হয়-এমন কিছু করা যাবে না। এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাস্তাটি দ্রুত স্বাভাবিক করা।
দলীয় কার্যালয়ের আশপাশে বিশৃঙ্খল পরিবেশ থাকলে সেখানে যাতায়াতে অসুবিধা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারবো। পরিবেশ স্বাভাবিক না থাকলে তা সম্ভব হবে না।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনারা যদি চান আমি পল্টন অফিসে আসি, তাহলে সড়কের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না।’
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা সমর্থনসূচক স্লোগান দেন। তারেক রহমান নির্দেশ দেন, আধা ঘণ্টার মধ্যে রাস্তা খালি করে দিতে হবে এবং সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে হবে। ‘আমরা দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না,’ যোগ করেন তিনি।
পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি কার্যালয় ত্যাগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম এবং উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ অনেকে।


