চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার ভোরে সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে স্থানীয় কালামের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এতে ওই বাড়ির ইটের দেয়াল ধসে গেছে, টিনের চালও উড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত দুইজনের মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)।
আহতদের তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরই এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, আহত ব্যক্তিরা ককটেল তৈরির কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


