চাঁদপুর শহরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের ওয়ারলেস মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত যুবকের নাম মো. শাহজালাল (২৪)। তিনি জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে সিএনজিচালিত অটোরিকশা করে শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তিন যাত্রীকে সদর হাসপাতালে নেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথেই তিনি মারা যান। আহত মমিন চিকিৎসাধীন। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


