চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট দুই দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। শুক্রবার ও শনিবার ধর্মঘট স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগ্রাম পরিষদের নেতারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। একই সঙ্গে তারা বলেন, আগামী শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির।
শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা বলেন, শুক্রবার সকাল পর্যন্ত যদি বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হয়, তাহলে সরকার কঠোর অবস্থান নেবে। তিনি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দর ভবনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে চলমান ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই বৈঠকটি হয়।
আলোচনায় শ্রমিক নেতারা নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার যে কোনো চুক্তির বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। তারা বিশেষভাবে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার বিরোধিতা করেন।
এর আগে বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা বন্দর ব্যবহারকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিকালে বোট ক্লাবে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক হওয়ার কথা ছিল।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, সরকার কোনো চুক্তিতে তড়িঘড়ি করছে না এবং এ বিষয়ে গত ছয় মাস ধরে আলোচনা চলছে। রমজানের আগে আন্দোলনের সময় নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন।


