নির্বাচনে দায়িত্বরত কোনো পুলিশ সদস্য ভোট সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
সেই সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের দেওয়া নির্দেশনায় এসব কথা বলেন সিআইডি প্রধান।
নির্বাচনী দায়িত্বকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’
মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সব সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এরই মধ্যে করণীয় ও বর্জনীয় ব্যাপারে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দিয়েছে বলে জানান ছিবগাত উল্লাহ।
তিনি বলেন, নির্বাচন সংক্রান্তে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতার প্রশ্নে নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেদেরই করে নিতে বলেন সিআইডি প্রধান।
সংবাদ সম্মেলনে সিআইডির জেলা পর্যায়ের সব ইউনিট ভার্চুয়ালি যুক্ত ছিল।


