জামায়াতকে যারা ইসলামি দল বলেন, তারা বোকার স্বর্গে বাস করেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামি দল বলেন, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করেন।’
তিনি বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম অনেক ইসলামি দল প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকলো, তার সঙ্গে আরও কিছু দল এলো। যখন সারা দেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল, তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাইয়ের পীর বলেন, ‘জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই।’
তিনি আরও বলেন, এ দেশ আলেম ওলামায়ের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না, তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আলেমরা সঙ্গে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলামপ্রেমিরা সঙ্গে রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগম পাড়া।’
ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।


