জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মো. ছরওয়ারে আলমের জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেয়।
এর আগে বুধবার রাতে, ছরওয়ারে আলমের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, অধিকতর তদন্তের জন্য জব্দ করা আলামত ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। হাতিরঝিল থানায় করা মামলায় ছরওয়ার আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি। অবশ্য এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করতে রাজি হননি।
ডিবি প্রধান জানান, তদন্তের স্বার্থে ছরওয়ারে আলমের ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এর আগে, জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক করে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতি দপ্তরের মো. ছরওয়ারে আলমকে আটক করে ডিবি।
এদিকে, বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি ন্যায়বিচার চেয়েছেন জামায়াত আমির।
তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স আইডি, যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।’


