আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে আছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই হতে যাচ্ছে তার নেতৃত্বে দলের প্রথম নির্বাচনী ইশতেহার।
এর আগে অনুষ্ঠিত পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে দলটির নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনিই প্রতিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন।
পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও সেই সময় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ফলে ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে দলের পক্ষে ইশতেহার পাঠ করেছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ইতিমধ্যে ইশতেহারের যাবতীয় কাজ শেষ হয়েছে। এবারের ইশতেহারে দলটির ঘোষিত ৩১ দফা, ‘জুলাই সনদ’ এবং দেশের প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী সেবার বিষয়গুলো ইশতেহারে বিশেষভাবে স্থান পেয়েছে।
মাহদী আমিন আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালী করার পাশাপাশি জাতীয় অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে ইশতেহারের প্রধান বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নিজেদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। মূলত সাধারণ মানুষের প্রত্যক্ষ মতামত এবং যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে জনগণের সমস্যার স্থায়ী সমাধান ও ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়েই এবারের নির্বাচনী ইশতেহার নিয়ে আসছে বিএনপি।


