চট্টগ্রামে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। তাকে মনোনয়ন দেওয়ার কারণে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর আসন বদলে গেছে। এছাড়া আরেকটি আসনে প্রার্থী বদল করে আসলাম চৌধুরীকে নতুন প্রার্থী করেছে বিএনপি।
এরআগে বিএনপি চট্টগ্রাম-১০ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল। চট্টগ্রাম-১১ আসনে তখন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে নিজের ছেলে ইসরাফিল খসরুর মনোনয়নের জন্য চেষ্টা করছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না দেওয়ার নীতিতেই অটল থাকে বিএনপি। শেষ পর্যন্ত সাঈদ আল নোমানকে চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে সরিয়ে নেওয়া হয়। অতীতেও এই নির্বাচনী এলাকা থেকেই তিনি নির্বাচন করেছেন।
মনোনয়ন পাওয়ার বিষয়টি ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন সাঈদ আল নোমান। পোস্টে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কাজী মোঃ সালাউদ্দিন। এই মনোনয়ন ঘোষণার প্রতিবাদে রাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন আরেক মনোনয়ন প্রত্যাশী আসলাম চৌধুরী। অবশেষে এই আসনের প্রার্থী বদল করে আসলাম চৌধুরীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি।
এই তিন আসনে প্রার্থী বদল ও নতুন মনোনয়নের কথা নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান।


