চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়।
ফলে আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না। এমনকি তিনি সংসদ সদস্য হিসেবে শপথও নিতে পারবেন না।
এর আগে গত ১৫ জুন, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করে।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং এএসএম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং এ এম মাহবুব উদ্দিন খোকন।
নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক কর্তৃপক্ষ রিট করলে হাইকোর্ট তা খারিজ করে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আদালত আদেশ দেয়, ওই আসনে ভোটের ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।


