আমদানি করা গম ও ভুট্টা লাইটার জাহাজ থেকে নির্ধারিত সময়ে খালাস না করে দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখায় জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ, সড়ক ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, খাদ্যপণ্য জাহাজে অযৌক্তিকভাবে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অধিক মুনাফা অর্জনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এতে বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকা পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ধলেশ্বরী নদী এলাকা পরিদর্শন করার সময় মন্ত্রী দেখতে পান, কয়েকটি লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্যসহ নোঙর করে রাখা হয়েছে। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি।
নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নিয়মিতভাবে নদীপথে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে জানান রবিউল আলম। একই সঙ্গে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী জানান, গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রী সংশ্লিষ্ট সকল আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান। পাশাপাশি খাদ্যপণ্য দ্রুত খালাস ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ সময় নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব নূরুন্নাহার চৌধুরী এনডিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


