হবিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৭ প্রতিষ্ঠান, ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা

হবিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৭ প্রতিষ্ঠান, ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা
ভয়াবহ আগুনে পুড়ে ছাই একাধিক দোকান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ আগুনে অন্তত সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট প্রায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সঞ্জিত রায়সহ অন্য ব্যবসায়ীরা জানান, গভীর রাতে আগুনে তাদের দোকানসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। এতে তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মুহিত বলেন, ‘মসজিদের মাইকে ঘোষণা শুনে বাজারে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে যায়।’

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন আগুনের খবর নিশ্চিত করে জানান, রাতে খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad