সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা নিহত হয়েছেন।
শুক্রবার সকালে রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ওমর ফারুক (৩৫) এবং একই ওয়ার্ডের কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন টাইমসকে বলেন, এদিন সকালে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে বিএনপির কয়েকজন নেতাকর্মী ভূঁইয়াগাঁতী এলাকা থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন।
তারা ঘুড়কা নাহার এগ্রো কোম্পানির সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ফরিদুল ইসলামের মৃত্যু হয়। ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।


