ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে এক হয়ে জুলাই সনদে সই করা হয়েছে। নতুন করে নির্বাচনের বিষয়ে আলোচনায় যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকাল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির নেতারা ১৭ বছর ধরে জ্বলে পুড়ে সোনা হয়েছে। এই বিএনপিতে দাগ লাগতে দেওয়া যাবে না। এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আগামীর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে।’
‘বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারবে। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা, ভুল বোঝাবুঝি থাকতে পারে। কিন্তু ধানের শীষের প্রশ্নে কোন ছাড় হবে না। এটি আমাদের জন্য অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘যারা গণতন্ত্র ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বুঝিয়ে দিতে হবে বাংলাদেশের মালিক জনগণ। এই শক্তি নিয়ে তাদের পরাজিত করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ঐকমত্য কমিশনের কাজ হচ্ছে ঐক্যবদ্ধ করা। ঐক্যমতের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই৷ বাংলাদেশের মানুষ শান্তি, সহনশীল রাজনীতি, দ্বিমত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। বিএনপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে।’
চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।


