সিরাজগঞ্জের কামারখন্দে ফসলি জমি ও পৈত্রিক সম্পত্তিতে প্রস্তাবিত নদী পুনঃখনন কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রামে এই মানবন্ধন হয়।
গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শাহবাজপুর, রসুলপুরসহ আশপাশের এলাকার প্রায় পাঁচ শতাধিক কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত নদী পুনঃখনন বাস্তবায়িত হলে এলাকার বিস্তীর্ণ আবাদি জমি নষ্ট হয়ে যাবে। এতে কৃষকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক পরিবার খাদ্য সংকটে পড়বে।
ডিডি শাহবাজপুর গ্রামের বাসিন্দা ওমর আলী মোল্লা বলেন, ‘এই জমির ফসলের ওপর নির্ভর করেই আমরা বছরের ছয় মাস জীবিকা নির্বাহ করি। এখানে যদি খনন কার্যক্রম চালানো হয়, তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন রায় দৌলতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম এবং সাবেক সদস্য শুকুর আলী।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কৃষিজমি রক্ষা করে পরিকল্পনা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান। প্রস্তাবিত খনন কার্যক্রম থেকে তাদের জমি বাদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনারও দাবি জানানো হয়।


