আর্থিকসংকটে থাকা ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিশেষ অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের বিধান শিথিল করে ব্যাংকটিকে তাদের প্রস্তাবিত প্রধান কার্যালয়ের একটি ভবন বাণিজ্যিকভাবে ইজারা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়, ঢাকার পান্থপথে নির্মাণাধীন ‘এনবিএল টুইন টাওয়ার’-এর টাওয়ার-২ আগামী ৩১ ডিসেম্বর ২০৩১ পর্যন্ত ভাড়া দিতে পারবে ব্যাংকটি। এই সময় পর্যন্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০ ধারার বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ভবনটির অবকাঠামো নির্মাণ শেষ হলেও ইউটিলিটির কাজ বাকি আছে। ফলে সেখানে কার্যক্রম শুরু করতে পারেনি ব্যাংকটি। আর্থিক সংকটের কারণে ভবনটি নিজেদের ব্যবহারের আগে ভাড়া দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করে তারা। কেন্দ্রীয় ব্যাংক সেই আবেদন মঞ্জুর করে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদ এই নির্দেশনায় স্বাক্ষর করেন।


