কিলোমিটার প্রতি বাসের ভাড়া বাড়ছে ১৭ পয়সা

কিলোমিটার প্রতি বাসের ভাড়া বাড়ছে ১৭ পয়সা
Advertisement
Advertisement

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে।

তিনি বলেন, মালিকপক্ষের কাছ থেকে দাম ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে, এখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হলো।

আরও পড়ুন

পাশাপাশি, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ২ টাকা ৭০ পয়সায়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে বলেছেন, কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা মহানগরী ও আন্তঃজেলায় পূর্বের ভাড়ার সাথে দশমিক ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

এর আগে সোমবার সারাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর কথা জানায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার তা নিয়ে আবার বৈঠকের পর সিদ্ধান্ত জানায় সড়ক পরিবহন মন্ত্রণালয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad