নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. শাহাদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে।
শাহাদাতের বড় ভাই যুবদল নেতা মো.হাবীব অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কিছু যুবলীগ নেতা শাহাদাতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে যুবলীগ নেতা জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে গুলি করা হয়। এতে শাহাদাতের তলপেট ও উরুতে ২৬টি ছররা গুলি লাগে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহীম হাজীর মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
তবে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিকালে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


